হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় গ্রেপ্তার নব্য জেএমবির নেতা সোহেল মাহফুজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম এইচ এ এম তোয়াহা এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তাতে বলা হয়, সোহেল মাহফুজ নব্য জেএমবির শুরা সদস্য। তিনি তামিম চৌধুরী, মারজান, বাসারুজ্জামান চকলেটসহ অন্যদের সঙ্গে মিলে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিন সহযোগীর রিমান্ড
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জানান, সোহেল মাহফুজের সঙ্গে গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির তিন জঙ্গির গতকাল তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল ইসলাম। এই তিনজন হলেন জামাল ওরফে মোস্তফা, হাফিজুর রহমান ওরফে হাসান ও জুয়েল ওরফে ইসমাইল।