সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে ঢাকায় আসছেন এনআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোলি আর্টিজান বেকারিতে হামলায় অস্ত্রের জোগানদাতা নব্য জেএমবির সুরা সদস্য সোহেল মাহফুজকে জেরা করেছেন ভারতের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) সদস্যরা। আজ শনিবার তাঁকে জেরা করেন এসটিএফের তিন সদস্য।

এদিকে বাংলাদেশের পুলিশ ও এসটিএফের সদস্যরা জঙ্গির ব্যাপারে তথ্য বিনিময় করেছেন। সন্ত্রাসীদের তালিকাও বিনিময় করা হয়েছে।

পশ্চিমবঙ্গের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের মামলার আসামি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় আসছেন এনআইএ (ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) সদস্যরা। ভারতে থাকা তাঁর সহযোগীদের ব্যাপারে জানতে বাংলাদেশের একটি দল ভারত যাবে।

৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহ ছিলেন নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরকের জোগানদাতা। তিনি হোলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনা বৈঠকেও উপস্থিত ছিলেন। দুর্ধর্ষ এই জঙ্গি ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলারও আসামি।

২০১৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ এবং দুজনের প্রাণহানির পর ভারতীয় পুলিশ সোহেল মাহফুজকে খুঁজতে শুরু করে। ভারতে তিনি নসরুল্লাহ নামে পরিচিত। তাঁকে ধরিয়ে দিতে ভারতীয় পুলিশ ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। পুলিশ জানায়, ওই বিস্ফোরণের পর সোহেল মাহফুজ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় চলে আসেন এবং নব্য জেএমবির সঙ্গে যুক্ত হন।