সোহেল রানা আবার রিমান্ডে
সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনটি মামলায় আরও ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পৃথক আদালত। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত এই আদেশ দেন। গতকাল বুধবার আদালতে সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি ভবনের মালিক। আমি কোনো শ্রমিককে জোর করে কাজে পাঠিয়েছি, তা কেউ প্রমাণ করতে পারবে না।’
গতকাল ১৩ দিনের রিমান্ড শেষে সোহেল রানাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁকে অস্ত্র ও হত্যা মামলায় সাত দিন করে ১৪ দিন এবং মাদকদ্রব্য আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আসামি সোহেল রানাকে হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সাভারের ধামরাই থানাধীন কালিমপুরে রানা অটো ব্রিকসের কার্যালয় থেকে একটি রিভলবার, পাঁচটি গুলি ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত আসামিদের বিষয়ে জানতে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানি শেষে বিচারিক হাকিম তাজুল ইসলাম অস্ত্র মামলায় ছয় দিন ও বিশেষ ক্ষমতা আইনে (মাদকদ্রব্য উদ্ধার ঘটনায়) করা মামলায় সোহেল রানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিচারিক হাকিম তৈয়বুল হাসান হত্যা মামলায় সোহেল রানাকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। রানা নিজেই আদালতে শুনানি করেন। তাঁর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারেননি।