সোহেল রানা আবার ১৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল রানা
সোহেল রানা

সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাকে জিজ্ঞাসাবাদে আরও ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পৃথক দুটি আদালত। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁকে ১৯ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আজ বুধবার আদালত ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফায় ১৩ দিনের রিমান্ড শেষে আজ সোহেল রানাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ডিবি। এ সময় তাঁকে অস্ত্র ও হত্যা মামলায় সাত দিন করে ১৪ দিন ও মাদকদ্রব্য আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিচারিক হাকিম তাজুল ইসলাম অস্ত্র মামলায় ছয় দিন ও মাদকদ্রব্য আইনে করা মামলায় সোহেল রানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিচারিক হাকিম তৈবুল হাসান হত্যা মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এতে সহস্রাধিক ব্যক্তি নিহত হন। ২৮ এপ্রিল যশোরের বেনাপোল সীমান্ত থেকে ওই ভবনের মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন আদালতের মাধ্যমে হত্যা ও ইমারত আইনে তাঁকে প্রথম দফায় ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।