সোহেল রানাকে গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।ইউএনবির খবরে বলা হয়, রানা প্লাজার মালিক যুবলীগের নেতা সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও পুলিশ তাঁকে আসামি করে সাভার মডেল থানায় দুটি মামলা করেছে। রাজউকের মামলায় রানা একাই আসামি। আর পুলিশের মামলায় রানা ছাড়াও তাঁর বাবা আবদুল খালেক, ধসে পড়া ভবনের পোশাক কারখানার মালিক আমিনুল ইসলাম, আনিসুজ্জামান, বজলুস সামাদ আদনানসহ অজ্ঞাতব্যক্তিদের আসামি করা হয়েছে।ভবনের ও পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন, জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বলেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পাঁচটি পোশাক কারখানার মধ্যে নিউওয়েভ বটমস ও নিউওয়েভ স্টাইলের মালিক হচ্ছেন বজলুস সামাদ আদনান, মাহবুবুর রহমান তাপস ও দেলোয়ার হোসেন; ফ্যানটম অ্যাপারেলস ও ফ্যানটম ট্যাকের মালিক আমিনুল ইসলাম, জাফর আহমেদ ও স্পেনের নাগরিক ডেভিড মেয়র এবং ইথারটেক্সের মালিক হচ্ছেন আনিসুর রহমান।