সোহেল রানার চার সহযোগী চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ভবনের মালিক সোহেল রানার গ্রেপ্তার হওয়া চার সহযোগীর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারিক হাকিম তৈবুল হাসান আজ বুধবার এ আদেশ দেন।

রানার এই চার সহযোগী হলেন মো. আবদুল মান্নান, মো. আলমগীর, মো. মধু ও মো. রাসেল আহমেদ। গতকাল তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে এই চারজনকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর এ আবেদন করেন। দুপুরে শুনানি নিয়ে আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, আসামিরা রানা প্লাজার তৃতীয় তলায় ফাটল থাকার পরও পোশাকশ্রমিকদের কারখানায় কাজে যেতে জোর খাটান। এ বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাঁরা রানার সহযোগী হিসেবে পরিচিত। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।