সোহেল রানার জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠে সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন বাতিল এবং ঘটনার দিনকে শোক ও শ্রমিক দিবস ঘোষণাসহ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনেরা।

আজ সোমবার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ও গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে ধসে পড়া রানা প্লাজার সামনে সকাল সাড়ে ১০টার দিকে সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন সংগঠনটির সমন্বয়ক তাসলিমা আখতার, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রবীর সাহা, গণসংহতির আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতা ফিরোজ আহমেদ, আমিনুল ইসলাম, দীপক রায় এবং রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা।
সমাবেশে তাসলিমা আখতার বলেন, রানা প্লাজা ধসের পর গত ১১ মাসে কারখানার মালিক ও ভবনের অনুমোদনকারীসহ অনেক আসামি এর মধ্যে জামিনে ছাড়া পেয়েছেন। জামিন দেওয়া হয়েছে ভবন মালিক খুনি সোহেল রানাকেও। এতে আমরা শঙ্কিত। তিনি বলেন, যাদের অবহেলা আর দুর্নীতির কারণে হাজার হাজার শ্রমিক প্রাণ হারালেন তাদের মুক্ত করার প্রক্রিয়া যত দ্রুত এগোচ্ছে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া তত দ্রুত এগোচ্ছে না। তাই অবিলম্বে সব দোষী ব্যক্তিদের জামিন বাতিল করে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি শ্রমিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
প্রবীর সাহা বলেন, ২৪ এপ্রিলের রানা প্লাজার ভবন ধস সারা দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় শ্রমিক হত্যার ঘটনা। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশের পোশাকশ্রমিকেরা কতটা অনিরাপদ পরিবেশে ঝুঁকি নিয়ে কাজ করেন। তাই এই দিনটিকে শোক ও শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণার পাশাপাশি সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে হবে। সমাবেশে নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা বলেন, প্রায় এক বছর পার হতে চললেও তাঁরা সামান্য জরুরি সহায়তা ছাড়া আর কোনো ক্ষতিপূরণ পাননি। দুই কিস্তিতে ডিএনএর ফলাফল ঘোষণা করার পরেও অনেক পরিবার তাদের নিখোঁজ স্বজনদের হদিস পাচ্ছে না।
এদিকে একই সময় ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন। সমাবেশে সংগঠনের নেতাসহ ক্ষতিগ্রস্ত শ্রমিকেরাও বক্তব্য রাখেন।
সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ঘটনার প্রায় এক বছর হয়ে গেলেও শ্রমিকদের সঠিক তালিকা তৈরিসহ শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি। উপযুক্ত ক্ষতিপূরণ না পেয়ে অনেক শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। সমাবেশ শেষে দুই সংগঠনের পক্ষ থেকে আলাদা বিক্ষোভ মিছিল বের করা হয়।