সোহেল রানার জামিন মেলেনি
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়ের করা মামলায় আসামি সোহেল রানার জামিন আবেদন উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, রাজউকের করা মামলায় সোহেল রানার জামিন চাওয়া হয়। আদালত জামিন নামঞ্জুর করে আবেদনটি উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন।
শুনানিতে রানার আইনজীবী বলেন, ইমারত নির্মাণ বিধিমালা আইনে মামলাটি করা হয়। এটা জামিনযোগ্য ধারা। সব আসামি জামিনে আছেন। তিনি জামিন পেতে পারেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ওই ঘটনায় আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সহস্রাধিক লোক নিহত হয়েছে। তৈরি পোশাকের জিএসপি সুবিধাও বাধাগ্রস্ত হয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসব দিক বিবেচনায় মূল আসামি সোহেল রানার জামিন হতে পারে না।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক মানুষ নিহত হন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই দিনই রাজউক বাদী হয়ে সাভার মডেল থানায় সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা করে। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল সাভার মডেল থানায় অপর মামলাটি করে পুলিশ। ওই বছরের ২৮ এপ্রিল সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।