সাভারে ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানার বাবা ও মায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার অভিযোগটির অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রমনা থানায় মামলা দুটি করেন। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, অনুসন্ধানে রানার বাবা আবদুল খালেকের নামে ১০ কোটি ২৪ লাখ টাকা ও মা মর্জিনা বেগমের নামে ৬ কোটি ৬৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তাঁদের দখলে থাকা এসব সম্পদের তথ্য তাঁরা গোপন করেছেন। দুজনের নামে মোট ১৬ কোটি ৯১ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
এজাহারে আরও বলা হয়, আবদুল খালেক ও মর্জিনা বেগমের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে সাভার বাসস্ট্যান্ডে ধসে যাওয়া ভবনের ৫০ শতাংশ জমি, সাভার বাজার রোডে আটতলা বাণিজ্যিক ভবন, বাজার রোডে পাঁচতলা আবাসিক ভবন, রানা প্লাজার পেছনে সুমি টাওয়ার নামে ছয়তলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে জয়মন্ডপে দোতলা বাড়ি, রানা ব্রিকস, এমএকে ব্রিকস নামের দুটি ইটভাটা ও রানা অয়েল মিল। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে এক্সিম ব্যাংকের সাভার বাজার শাখায় ৩৫ লাখ টাকার এফডিআর, ন্যাশনাল ব্যাংকের সাভার শাখায় তিনটি হিসাব এবং ব্র্যাক ব্যাংক সাভার বাসস্ট্যান্ড শাখায় দুটি হিসাবে থাকা অর্থ।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। ওই ঘটনায় ১ হাজার ১০০ জনেরও বেশি লোক প্রাণ হারান। আহত হন অনেকে। হতাহত লোকজনের বেশির ভাগই পোশাকশ্রমিক।
নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে রানার বাবা-মা, সংশ্লিষ্ট প্রকৌশলীসহ ১৭ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ জুন একটি মামলা করে দুদক।