সোহেল রানার বিরুদ্ধে দুদকের মামলা
নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় সাভারের ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রাজধানীর রমনা থানায় এ মামলা করেন।
গত সোমবার সোহেল রানার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলার অনুমোদন দেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
দুদক সূত্র জানায়, গত ২ এপ্রিল কাশিমপুর কারাগারে আটক সোহেল রানার কাছে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণীর নোটিশ পাঠায় দুদক। নোটিশ পাওয়ার নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দিয়ে স্ত্রীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন তিনি। আইন অনুসারে তাঁর এ আবেদন গ্রহণযোগ্য নয় বলে দুদকের আইন শাখা মতামত দিয়েছে। আইন শাখা থেকে তাঁর বিরুদ্ধে নন-সাবমিশন মামলা করার সুপারিশ করা হয়।
নির্মাণত্রুটির কারণে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক ব্যক্তি প্রাণ হারান। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে আছেন।