সোহেল-হাবিবের জামিন

পৃথক মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এ আদেশ দেন।
হাবিব উন নবী খান সোহেল নয় মামলায় ও হাবিবুর রশিদ হাবিব আট মামলায় জামিন পেয়েছেন বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী।
৬ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে হাবিব উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানো হয়। এর আগে ২০১৩ সালের ১৭ নভেম্বর হাবিবুর রশিদ হাবিব গ্রেপ্তার হন।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা।
মাসুদ রানা প্রথম আলোকে বলেন, আট মামলায় জামিন পাওয়ায় হাবিবের মুক্তিতে আইনগত বাধা নেই। তবে সোহেলের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
আইনজীবী সূত্র জানায়, হরতাল-অবরোধে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন, মতিঝিল ও রমনা থানায় করা নয় মামলায় সোহেলের জামিন আবেদন করা হয়। আর পল্টন, শাহজাহানপুর, সূত্রাপুর ও গুলশান থানায় একটি করে মোট চারটি এবং শাহবাগ থানায় করা চার মামলায় হাবিবের জামিন চেয়ে আবেদন করা হয়।