সোহেলের পরে ভারতে জেএমবির দায়িত্বে সোলায়মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল মাহফুজ
সোহেল মাহফুজ

জঙ্গি সোহেল মাহফুজ ওরফে হাতকাটা নসরুল্লাহ পুরোনো সহযোগী সোলায়মানকে জেএমবির ভারত শাখার আমিরের দায়িত্ব দিয়ে ২০১৪ সালের ডিসেম্বরে দেশে এসেছিলেন। সোহেলকে জিজ্ঞাসাবাদ করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএর কর্মকর্তারা। ঢাকার পুলিশ কর্মকর্তারা বলছেন, সোহেল মাহফুজ সম্পর্কে আগে যা জানা গেছে, এর বাইরে তিনি খুব বেশি তথ্য এখনো দেননি।

সোহেল মাহফুজকে ৭ জুলাই দিবাগত রাতে তিন সহযোগীসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরকের জোগানদাতা। গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনা বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। গত রোববার তাঁকে ঢাকার আদালতে হাজির করে হোলি আর্টিজান মামলায় সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। রিমান্ড প্রতিবেদনে তাঁকে নব্য জেএমবির শুরা সদস্য অভিহিত করা হয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সোহেল মাহফুজ (৩৩) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের রফিক নামের
এক ‘লাইনম্যানের’ মাধ্যমে ভারতে আসা-যাওয়া করতেন। ভারতে পাঁচ বছর জেএমবির আমির থাকা অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক উৎসগুলোর সঙ্গে পরিচিত হন সোহেল। সেই সব উৎস থেকে সীমান্তের লাইনম্যানদের মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক দেশে আনতে সোহেল মাহফুজ মুখ্য ভূমিকা পালন করেন। তবে অস্ত্র ও গোলাবারুদের নেটওয়ার্ক সম্পর্কে তিনি এখনো মুখ খোলেননি।

কর্মকর্তারা আরও বলেন, হোলি আর্টিজানসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি হ্যাঁ-হু ছাড়া তেমন তথ্য দিচ্ছেন না। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আগামী সপ্তাহে ভারতীয় গোয়েন্দাদের একটি দল আসছে। ভারতে জেএমবি কতখানি ছড়িয়েছে, অন্য কোনো দেশের জঙ্গিদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে কি না ইত্যাদি বিষয়ে ভারতীয়দের আগ্রহ রয়েছে।

একজন কর্মকর্তা বলেন, সোহেল মাহফুজরা ভারতে পুরোনো জেএমবির কার্যক্রম চালিয়েছিলেন। এখন সেখানে নব্য জেএমবির কার্যক্রমও বিস্তার লাভ করার তথ্য পাওয়া গেছে।

কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা বলেন, ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার করা রাসেল নামের এক তরুণের কাছ থেকে প্রথম সোহেল মাহফুজের কথা জানা যায়। সোহেলের বিরুদ্ধে মামলাও হয়। তখন সোহেল উত্তরবঙ্গকেন্দ্রিক জেএমবির কার্যক্রম সংগঠিত করছিলেন। ওই বছরের শেষে তিনি ভারতে চলে যান। তাঁকে অবৈধ পথে ভারতে পাঠানোর কাজটি করেছিলেন শিবগঞ্জ সীমান্তের ‘লাইনম্যান’ রফিক। প্রথমে ভারতের মুর্শিদাবাদের পাঁচগ্রামে এবং পরে বেলডাঙায় বাসা ভাড়া নেন। তিনি প্রথম স্ত্রীকে নিয়ে যান। পরে তাঁর দ্বিতীয় স্ত্রীকে ভারতে পৌঁছে দেন তাঁর দ্বিতীয় শ্বশুর। সেখানে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করতেন তিনি। দুই স্ত্রীর ঘরে সোহেলের সাত ছেলেমেয়ে রয়েছে।

সোলায়মানকে দায়িত্ব হস্তান্তর

তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জেএমবির তৎকালীন আমির সাইদুর রহমানের সঙ্গে সোহেল মাহফুজের যোগাযোগ ছিল। গ্রেপ্তার হওয়ার আগে সোহেল মাহফুজের কাছে লোক পাঠিয়ে সাইদুর তাঁকে ভারতে সংগঠনের প্রধানের দায়িত্ব নিতে বলেন। সাইদুরের নির্দেশে ‘দায়িত্বশীল’ হয়ে প্রচারণা (দাওয়াতি) কার্যক্রম শুরু করেন তিনি। সাইদুর ও শহীদ গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশের সঙ্গে তাঁর কিছুটা বিচ্ছিন্নতা তৈরি হয়। ২০১১ সালের শেষের দিকে তিনি জানতে পারেন যে মানিক (সারোয়ার জাহান), রিপন, নজরুল ডাক্তার (পরে সহযোগীদের হাতে খুন হন) ও ইউসুফরা মিলে নতুন করে সংগঠিত হচ্ছেন। ভারত থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন সোহেল। ২০১৪ সালে নতুন সংগঠন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সোলায়মান নামের একজনকে জেএমবির ভারতীয় শাখার দায়িত্ব দিয়ে তাঁকে দেশে ফিরতে বলা হয়। সোহেলের আগের সহযোগী সোলায়মান, তাঁরা একই সঙ্গে একটি মামলার আসামি ছিলেন। ২০১৪ সালের মাঝামাঝি দায়িত্ব ছাড়েন সোহেল। সে বছরের অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ে জেএমবির একটি আস্তানায় দুর্ঘটনাবশত বিস্ফোরণে দুজন নিহত হন। এরপরই ভারতের নিরাপত্তা বাহিনী নড়েচড়ে বসে। খাগড়াগড়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাজিদ (নারায়ণগঞ্জের) এবং পিচ্চি রফিক জবানবন্দিতে জেএমবির ভারতীয় শাখার আমির হিসেবে নসরুল্লাহ তথা সোহেল মাহফুজের নাম বলেন। ২০১৪ সালের ডিসেম্বরেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। চাঁপাইনবাবগঞ্জকেন্দ্রিক কার্যক্রম চালালেও তিনি দিনাজপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় নিজগ্রামেও অবস্থান করেন। তাঁকে ধরিয়ে দিতে ভারতের পুলিশ ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। দেশে ফিরে তিনি পুরোনো যোগাযোগগুলো কাজে লাগিয়ে অস্ত্র ও বিস্ফোরক আনেন। হোলি আর্টিজান বেকারিতে হামলায়ও এসব অস্ত্র ও বিস্ফোরক ব্যবহৃত হয়।