সোহেলের স্বপ্ন কি অধরাই থাকবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহেল রানা ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো। এবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু টাকার অভাবে তাঁর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
সোহেলের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাইকপাড়া গ্রামে। তাঁর বাবা নুরুল ইসলাম দিনমজুর। যা রোজগার করেন, তা দিয়ে চলে সংসার আর তিন ছেলে ও এক মেয়ের পড়াশোনার খরচ। সোহেলের মা সালেমা খাতুন গৃহিণী। ভাই-বোনদের মধ্যে সোহেলই বড়।
স্থানীয় বাসিন্দা ও সোহেলের পারিবার সূত্রে জানা গেছে, সোহেল এসএসসিতে জিপিএ-৫ পান। এরপর কিছুদিন শ্রমিকের কাজ করে ও গ্রাম্য মহাজনদের কাছ থেকে সুদে টাকা ঋণ নিয়ে ভর্তি হন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে। সেখান থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।
এমবিবিএস ভর্তি পরীক্ষায় সোহেল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁকে ২০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি হতে হবে। কিন্তু এ জন্য যে টাকা দরকার, তাঁর হতদরিদ্র বাবার পক্ষে তা দেওয়া সম্ভব নয়। বসতভিটা ছাড়া তাঁদের আর কোনো সম্বল নেই।
গতকাল মঙ্গলবার সোহেল রানা প্রথম আলোকে বলেন, কত দিন খেয়ে, না-খেয়ে পড়াশোনা চালিয়ে এসেছেন। কখনো বাবার সঙ্গে অন্যের জমিতে কাজ করেছেন। এর মধ্যেও স্বপ্ন দেখতেন, একদিন চিকিৎসক হবেন। কিন্তু মেডিকেলে ভর্তির টাকা এখনো জোগাড় করতে পারেননি। ভর্তি হতে পারবেন কি না, সে দুশ্চিন্তা এখন তাঁকে তাড়া করছে।
সোহেলের বাবা নুরুল ইসলাম বলেন, তাঁর মতো একজন গরিব মানুষের ছেলে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে, এ জন্য গর্বে
তাঁর বুক ফুলে ওঠে। কিন্তু ছেলের মেডিকেলে ভর্তির টাকা কোথায় পাবেন, তা ভেবে কিনারা পাচ্ছেন না।