সোয়া লাখ টাকায় হত্যায় অংশ নেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই বিরোধে খুন হয়েছেন পাইকারি কাঁচামাল ব্যবসায়ী আবুল কালাম। আবুল কালামকে হত্যার জন্য বাজারের দুই ব্যবসায়ী রুহুল আমিন ও মোহামঞ্চদ আলী এক লাখ ২০ হাজার টাকায় তিনজন পেশাদার খুনি ভাড়া করেন। আবুল কালাম হত্যার ঘটনায় গ্রেপ্তার আরজান গতকাল সোমবার আদালতে দেওয়া জবানবন্দিতে এ কথা বলেছেন। গতকাল সকালে আরজানকে রাজশাহী শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পাবনা জেলার তাবুর বাগান এলাকার নূর বকসের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে আরজানকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা বেগমের আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে আরজান বলেন, রুহুল আমিন ও মোহাম্মদ আলী মিলে কালামকে হত্যার পরিকল্পনা করেন। এ জন্য আরজানসহ তিনজনকে ভাড়া করা হয় এক লাখ ২০ হাজার টাকায়। এর মধ্যে আরজান পেয়েছিলেন ২০ হাজার টাকা।তিনি দাবি করেছেন, হত্যার অভিযানে অংশ নেওয়া অপর দুজনকে তিনি চেনেন না। কিন্তু তারা পেশাদার খুনি—এ বিষয়ে তিনি নিশ্চিত। ওই দুজনকে ভাড়া করেছিলেন রুহুল ও মোহামঞ্চদ আলী। দিন রাতে কালাম একটি বৈঠক শেষে বের হওয়ার পরেই আরজান একটি ধারালো দা দিয়ে আবুল কালামের পেছনে কোপ দেন। এ সময় অপর দুজন মিলে আরও কুপিয়ে জখম করেন। গত ২১ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারের ব্যবসায়ী আবুল কালামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।