সোয়া লাখ মানুষের জন্য চিকিৎসক তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় চিকিৎসকসংকটের কারণে মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সোয়া লাখ জনসংখ্যার এই উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স এবং ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে চিকিৎসকের ১৫টি পদ থাকলেও বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কর্মরত আছেন তিনজন। স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে একজন চিকিৎসা কর্মকর্তা দিয়ে। পাঁচটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রগুলোতে চিকিৎসকের পদ শূন্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের আটটি পদ থাকলেও কর্মরত আছেন একজন। হাসপাতালে একটি এক্স-রে যন্ত্র থাকলেও দুই বছর ধরে সেটি বিকল। গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, বহরমপুর এলাকায় মারামারিতে আহত কয়েকজন চিকিৎসা নিতে এসেছেন। একজন চিকিৎসক তাঁদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন মিথিলার বাবা আরজবেগী গ্রামের জহির মিয়া বলেন, ‘জরুরি বিভাগে ভিড় কম থাকলে ডাক্তার আসে, রোগী দেখে। আর তা না হলে অপেক্ষা করতে হয়।’ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, ‘বহির্বিভাগে প্রতিদিন গড়ে দেড় শ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। এ ছাড়া অন্তর্বিভাগে ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি থাকে। চিকিৎসক না থাকায় আমাকে বন্ধের দিনসহ প্রায় ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করতে হচ্ছে।’ এ ছাড়া উপজেলার ছয়টি ইউনিয়নে ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে একজন চিকিৎসক ও একজন চিকিৎসা সহকারীর পদ থাকলেও দশমিনা ইউনিয়ন কেন্দ্রে চিকিৎসক ও চিকিৎসা সহকারী আছেন। বাকি পাঁচটি কেন্দ্রের এসব পদ শূন্য। কেন্দ্রগুলো হচ্ছে: রণগোপালদি, আলীপুর, বেতাগীসানকিপুর, বহরমপুর ও বাঁশবাড়িয়া।এসব কেন্দ্র সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা অথবা পরিবারকল্যাণ পরিদর্শিকা দিয়ে চালু রাখা হয়েছে। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের বলেন, চিকিৎসকসংকট এখন চরমে। নিয়োগ দেওয়া হলেও চিকিৎসকেরা এখানে থাকতে চান না। যোগদান করেই অন্যত্র বদলির চেষ্টা করেন। শূন্যপদগুলোতে চিকিৎসক নিয়োগের ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছেন। পটুয়াখালীর সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র রায় বলেন, চিকিৎসকসংকট প্রকট। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে চিঠি দিয়ে জানানো হয়েছে।