গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি পোলট্রি খামারের মুরগি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জায় (বার্ড ফ্লু) আক্রান্ত হয়েছে। এ কারণে ওই খামারের প্রায় এক লাখ ২৪ হাজার মুরগি নিধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে মুরগি নিধন শুরু হয়েছে।সূত্র জানায়, দু-তিন দিন আগে বে-এগ্রো ইন্ডাস্ট্রিজের ওই পোলট্রি খামারের মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়।খামার কর্তৃপক্ষ ও প্রাণিসম্পদ বিভাগ সূত্র জানায়, তেলিরচালা এলাকার ওই পোলট্রি খামারে কয়েক দিন আগে মড়ক দেখা দেয়। পরে ওই খামারের মরা মুরগি গাজীপুর জেলা প্রাণিসম্পদ হাসপাতালের মাধ্যমে ঢাকায় কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়। গতকাল সোমবার ওই খামারের মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে বার্ড ফ্লুতে সংক্রমিত মুরগিগুলো ধ্বংসের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ওই আদেশের পর প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সন্ধ্যা থেকে মুরগি নিধন কার্যক্রম শুরু হয়। বে-এগ্রো ইন্ডাস্ট্রিজের মালিক আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুরগি নিধনের কাজ চলছে।