উফশী ও নেরিকা আউশ ধানের উৎপাদন বৃদ্ধি, কুমড়াজাতীয় সবজির পোকা দমন, পাট ও আখের উৎপাদন বৃদ্ধির জন্য ২ লাখ ২৫ হাজার ৯৮৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রায় ৩৩ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার।
গতকাল বুধবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। প্রণোদনাভুক্ত মোট চাষির মধ্যে উফশী আউশ ধানের চাষি ২ লাখ ও নেরিকা আউশ ধানের চাষি ২০ হাজার।
কৃষিমন্ত্রী বলেন, ৫১টি জেলায় উফশী আউশের জন্য ২৭ কোটি ১০ লাখ এবং ৪০টি জেলায় নেরিকা আউশ বাবদ ৩ কোটি ৯০ লাখ টাকা কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। এ ছাড়া ৬৪টি জেলায় কুমড়াজাতীয় সবজির মাছি পোকা দমনে, ৭টি জেলায় পাট ও ১টি জেলায় আখের উৎপাদন বৃদ্ধি ও কৃষি উপকরণ সহায়তা বাবদ ১ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকা প্রণোদনা দেওয়া হবে। অর্থাৎ সর্বমোট ৩২ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষি কার্ডধারী কৃষকদের শিগগিরই এই প্রণোদনা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, উফশী আউশ ধান ফসলের ক্ষেত্রে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচ সহায়তা বাবদ ৪০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এতে কৃষকপ্রতি সাকল্যে ব্যয় হবে ১ হাজার ৩৫৫ টাকা। নেরিকা আউশ ধানের ক্ষেত্রে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য ১০ কেজি ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং আগাছা দমনের জন্য ৪০০ টাকা ও সেচ সহায়তা বাবদ ৪০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এতে কৃষকপ্রতি সাকল্যে ব্যয় হবে ১ হাজার ৯৫০ টাকা। এই প্রণোদনার ফলে প্রত্যাশিত সুফল কী হবে, সে তথ্যও তুলে ধরেন কৃষিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে কৃষিসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।