গোটা রাস্তার পিচ উঠে গিয়ে ইটের খোয়া বের হয়ে রয়েছে। কোথাও কোথাও আবার রাস্তার মাঝখানেই বড় বড় গর্ত। ভাঙাচোরা রাস্তাটি দিয়ে প্রতিদিন মালবোঝাই ট্রাক, ভটভটি, সিএনজিচালিত অটোরিকশা, চার্জার ভ্যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। বগুড়ার কাহালু-দরগাহাটের সোয়া তিন কিলোমিটার রাস্তার এই অবস্থা।
খোঁজ নিয়ে জানা যায়, বগুড়া-নওগাঁ সড়কের দরগাহাট থেকে কাহালু উপজেলার মালঞ্চা বাজার পর্যন্ত রাস্তাটি ১১ কিলোমিটার দীর্ঘ। এটি মালঞ্চা বাজার থেকে বগুড়া শহর ও নন্দীগ্রাম উপজেলা সদরে যাওয়ার সবচেয়ে সহজ পথ।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও সওজ সূত্রে জানা যায়, রাস্তাটির দরগাহাট থেকে কাহালু বাজার পর্যন্ত সোয়া তিন কিলোমিটার অংশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এই সোয়া তিন কিলোমিটার রাস্তার অবস্থা খুবই শোচনীয়।
এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘চার-পাঁচ বছর আগে রাস্তাটির যৎসামান্য মেরামত করা হয়েছে। কিন্তু এখন গোটা রাস্তায় পিচ-খোয়া উঠে গিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে এই পথে চলাচল করায় আমার মোটরসাইকেলটিকে মাঝেমধ্যেই গ্যারেজে নিতে হয়।’
সম্প্রতি ওই রাস্তায় গেলে সেখানে কথা হয় ট্রাকের চালক রিন্টু মিয়ার সঙ্গে। তিনি বলেন, প্রতিদিনই বিভিন্ন মোকাম থেকে ধান ও অন্যান্য মালবোঝাই ট্রাক নিয়ে কাহালু বাজারে যেতে হয় তাঁকে। তিন কিলোমিটার অংশে কোনো পিচ-খোয়া নেই। রাস্তাটির জায়গায় জায়গায় গর্ত। মালবোঝাই ট্রাক ব্রেক কষে কষে চালাতে হয়। ১৫ মিনিটের রাস্তা এক ঘণ্টায়ও শেষ হতে চায় না।
ভটভটিচালক আবদুর রহিম বলেন, ‘মালবোঝাই ভটভটি লিয়্যা যাওয়া খুব কঠিন। কিন্তু পৌরসভার মধ্যে ঢুকলেই টোল লেয় পৌরসভা। কিন্তু রাস্তার দিকে কেউ তাকায় না।’
এই রাস্তা দিয়ে প্রতিদিন উপজেলা সদরে অফিস করতে যান আবদুল বারী। তিনি বলেন, আজ তিন-চার বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগের শেষ নেই। গত বর্ষায় রাস্তার বড় গর্তগুলো পানিতে ভরে গিয়েছিল। এখন আবার ধুলায় একাকার।
কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ বলেন, সওজের রাস্তা মেরামত করার এখতিয়ার পৌরসভার নেই। তা ছাড়া এত দীর্ঘ রাস্তা মেরামত করতে যে পরিমাণ অর্থ দরকার, সেই তহবিলও পৌরসভার নেই। তবে জনগণের দুর্ভোগের কথা মাথায় নিয়ে সওজের কর্মকর্তাকে কয়েকবার রাস্তাটির বিষয়ে জানিয়েছেন বলে দাবি করেন পৌর মেয়র।
বগুড়া সওজের উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, ‘এর আগে কয়েকবার সওজের পক্ষ থেকে সংস্কারের কাজ করা হয়েছে। এবার গোটা রাস্তা রিপিয়ারিংয়ের বরাদ্দ এসেছে। খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে।’
কাহালু উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অম্মেত্ত লাল মহন্ত মুঠোফোনে বলেন, ‘রাস্তাটি বগুড়া-নওগাঁ সড়কের দরগাহাট থেকে কাহালু পর্যন্ত সওজের। এরপর কাহালু থেকে মালঞ্চা বাজার হয়ে নন্দীগ্রাম পর্যন্ত এলজিইডির। আমাদের অংশের কাজ এর আগেই করা হয়েছে। কিন্তু আমরা তো সওজের রাস্তায় কাজ করতে পারি না।’