সোয়ান গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে সংহতি
বকেয়া বেতন-বোনাসের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে আন্দোলনরত সোয়ান গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন রাজনীতিক, লেখক, শিক্ষক, পেশাজীবী নেতারা। গতকাল সোমবার বিকেল তিনটায় তাঁরা শ্রমিকদের পাশে উপস্থিত হয়ে সমাবেশ করে তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে মন্ত্রী, সাংসদ, আমলাদের বেতন-বোনাস নেওয়া চলবে না। শ্রমিক নেতা মনজুরুল আহসান খান বলেন, শ্রমিকের অধিকার আজ ভূলুণ্ঠিত। সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, হাজারো শ্রমিককে অনাহারে রেখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সাদেকুর রহমান।
সোয়ান গার্মেন্টসের শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন-বোনাসের দাবিতে গত দুই দিন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন।
এদিকে তাঁদের অবিলম্বে বকেয়া বেতন ও বোনাস দেওয়ার দাবি করে পৃথক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান।