সোয়েটার কারখানায় অসন্তোষ, কর্মকর্তারা ৬ ঘণ্টা অবরুদ্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্রীপুরের মুলাইদ এলাকার আদিব সোয়েটার কারখানার শ্রমিকেরা উৎপাদন স্বাভাবিক রাখার দাবিতে, বেতন বোনাস কম দেওয়া ও শ্রমিক ছাঁটাই-চেষ্টার প্রতিবাদে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন। গতকাল বুধবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত কারখানার নিচতলার একটি কক্ষে টানা ছয় ঘণ্টা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় শ্রমিকেরা কারখানার ভেতর অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ঈদুল ফিতরের পর থেকে কারখানার সোয়েটার শাখায় মাত্র তিন দিন উৎপাদন চালিয়ে এ পর্যন্ত উৎপাদন বন্ধ রাখা হয়েছে। মালিকপক্ষ কখনো বন্ধ আবার কখনো নামমাত্র চালু রেখে সোয়েটার শাখার দেড় সহস্রাধিক শ্রমিক ছাঁটাইয়ের ফন্দি করছে। গত ঈদে নতুন-পুরোনো শ্রমিকদের মাত্র আড়াই শ টাকা করে বোনাস দিয়েছে। এখন শ্রম আইন না মেনে কারখানার সোয়েটার শাখা পুরোপুরি বন্ধ করে শ্রমিকদের বেতন আত্মসাতের চেষ্টা করছে।শ্রীপুর থানার উপপরিদর্শক আবদুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার পর কারখানার মালিকপক্ষকে খবর পাঠানো হয়। কিন্তু মালিক দেশের বাইরে থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ের ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ কর্মকর্তাদের মুক্তি দেয়নি। তাঁদের বুঝিয়ে-সুঝিয়ে বেলা তিনটার সময় শ্রমিকদের দাবি পূরণে সিদ্ধান্ত নেওয়ার স্বার্থে কর্মকর্তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়। ততক্ষণে শ্রমিকেরা যাতে মহাসড়কে অবরোধ এবং কারখানায় ভাঙচুর না করেন, তা বুঝিয়ে নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চল পুলিশের পাশাপাশি শ্রীপুর থানা পুলিশও মোতায়েন রয়েছে।কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক আমিনুজ্জামান পিন্টু জানান, আগামী ১০ অক্টোবর কারখানার সোয়েটার শাখার শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব রকম সুবিধাদি দিয়ে কারখানার সোয়েটার শাখা বন্ধ ঘোষণা করা হবে। এ মর্মে একটি বিজ্ঞপ্তি শ্রমিকদের মধ্যে প্রচার করা হয়েছে।