সোয়েটার কারখানায় আগুন, ব্যাপক ক্ষতি
তুরাগ থানার নয়নিচলা এলাকার সাপোর্ড নিট লিমিটেড নামের একটি সোয়েটার কারখানায় গতকাল সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সুতা, তৈরি সোয়েটার ও মেশিনসহ প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তুরাগ থানার পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ১৭ হাজার ঘনফুট আয়তনের আধাপাকা একতলা ভবনের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে টঙ্গী, গাজীপুর ও প্রধান কার্যালয় থেকে ফায়ার ব্রিগেডের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে তারা রাত ১০টায় আগুন নেভাতে সক্ষম হয়। কারখানার কমপ্লায়েন্স ব্যবস্থাপক আবদুল মোতালিব জানান, বিকেল পাঁচটার দিকে ছুটি হওয়ার পর দাপ্তরিক কাজ শেষে কারখানাটি বন্ধ করা হচ্ছিল। এ সময় জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনে তাদের কারখানার এক লাখ পাউন্ড সুতা, দেড় লাখ পিস তৈরি সোয়েটার ও ৪০০টি মেশিন পুড়ে যায়। যার আনুমানিক মূল্য চার কোটি টাকা। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, সাপোর্ড নিট লিমিটেড কারখানাটি সোনিয়া গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ওই কারখানায় প্রায় ৬০০ শ্রমিক কাজ করেন। কারখানাটি পুড়ে যাওয়ায় আপাতত শ্রমিকেরা বেকার হয়ে পড়লেন। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ আগুনে কারখানাটি পুড়ে যাওয়ার কথা নিশ্চিত করে বলেন, টঙ্গী-বাইপাইল সড়কসংলগ্ন কারখানায় আগুন লাগার পর ফায়ার ব্রিগেডের কর্মীদের কাজের সুবিধার্থে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণে সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত ঘটনাস্থলের উভয় পাশে সড়কটির ১০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।টঙ্গী ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।