সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ, হামলায় আহত ৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় গতকাল সোমবার সকালে একটি সোয়েটার কারখানার পাঁচ কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে শ্রমিকদের একটি পক্ষ কর্মবিরতি পালনসহ বিক্ষোভ করেছে। অপর পক্ষ ওই কর্মসূচিতে যোগ না দেওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর প্রথম পক্ষ হামলা চালায়। এতে কমপক্ষে ছয়জন শ্রমিক আহত হয়েছেন।শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বাড়ইপাড়া এলাকার হেসং সোয়েটার লিমিটেড নামের একটি সোয়েটার কারখানার প্রায় চার হাজার শ্রমিক গত শনিবার সকাল আটটা থেকে মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন। অবশেষে গত রোববার দুপুরে কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা দিলে শ্রমিকেরা কাজে যোগ দেন। ওই ঘটনার রেশ কাটতে না-কাটতেই গতকাল সোমবার সকালে কারখানার ফিনিশিং ও লিংকিং বিভাগের ১২ শতাধিক শ্রমিক অসৌজন্যমূলক আচরণ করায় পাঁচজন কর্মকর্তাকে বহিষ্কারের নতুন দাবি নিয়ে কাজ বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। তাঁদের সঙ্গে অন্য শ্রমিকেরা যোগ না দেওয়ায় এ নিয়ে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। হামলায় শ্রমিক মোসা মিয়া, লোকমান হোসেন, খাদিজা, সোহেল মিয়াসহ ছয়জন আহত হন। আহত শ্রমিকেরা স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। কারখানার পরিচালক শহীদুল ইসলাম বলেন, ওই পাঁচ কর্মকর্তাকে বহিষ্কার করব না।