সৌদি আরবে আগুনে চার বাংলাদেশিসহ ছয়জন নিহত
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ১০ শ্রমিকের প্রাণহানির রেশ কাটতে না কাটতেই সৌদি আরবের দাম্মামে আগুনে চার বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় এ ঘটনা ঘটে।
সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর সারোয়ার আলম মোবাইল ফোনে গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। গিয়াসউদ্দিন নামে একজন বাংলাদেশি ওই সোফা কারখানা চালাতেন। রাতে আগুন লাগলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। এর মধ্যে চারজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন ভারতীয়। আগুনে পুড়ে যাওয়ায় মৃতদেহগুলো কোনটি কার তা এখনো শনাক্ত করা যায়নি। তবে নিহত চার বাংলাদেশির নাম জানা গেছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত চার বাংলাদেশির মধ্যে গিয়াসউদ্দিনের শ্বশুর আবু মুসাও রয়েছেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। বাকি তিনজন হলেন ফেনীর দাগনভূঞার বদিউর রহমানের ছেলে মীর রহমান, চাঁদপুর সদরের লোকমান মোল্লার ছেলে আবু মোল্লা এবং কুমিল্লার নাঙ্গলকোটের আবুল কালামের ছেলে জিয়াউর রহমান। নিহত ব্যক্তিদের মরদেহ দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে রাখা আছে।
দূতাবাস সূত্র জানায়, মরদেহগুলো শনাক্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী সেগুলো দেশে পাঠানোর চেষ্টা করা হবে।
এর আগে গত শুক্রবার আবুধাবির শিল্পনগর মোসাফাহ এলাকার একটি দোতলা ভবনে আগুন লেগে ১০ জন প্রবাসী নিহত হন। তবে পুড়ে বিৃকত হয়ে যাওয়ায় নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে তাঁদের মধ্যে বেশির ভাগ বাংলাদেশি বলে জানিয়েছেন প্রবাসীরা। গত বছরের ১২ মে সৌদি আরবের একটি আসবাবের কারখানায় আগুন লেগে নয়জন বাংলাদেশি মারা যান।
২০১৩ সালের জানুয়ারিতে বাহরাইনে আগুনে পুড়ে ১১ জন বাংলাদেশি মারা যান।