সৌদি আরবে আগুনে নিহত ১১ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান শহরের একটি বাসায় গতকাল বুধবার আগুন লেগে ১১ জন অভিবাসী শ্রমিক মারা গেছেন। নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক। এতে আহত হয়েছেন ছয়জন, যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

জানালাবিহীন একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে শ্রমিকদের মৃত্যু হয় বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

নাজরান প্রদেশের ফায়ার সার্ভিসের মুখপাত্র আবদুল্লাহ আল ফারি বলেছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দেখেছেন, আগুন লাগা ঘরটিতে বায়ু চলাচলের ব্যবস্থা ছিল না। ফায়ার সার্ভিসের টুইট বার্তায় বলা হয়, নিহত ব্যক্তিদের সবাই ভারত ও বাংলাদেশের। তবে কোন দেশের কতজন বা তাঁদের পরিচয় কী, তা জানানো হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তাঁরা টহল দলের কাছ থেকে ভোররাত চারটার দিকে আগুনের খবর পান। তখন ওই শ্রমিকেরা ঘুমাচ্ছিলেন। তাঁরা একটি নির্মাণপ্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন।