সৌদি আরবে আরও দুই হজযাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে ছয়জন নারীসহ মোট ২৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার মক্কায় রংপুরের তারাগঞ্জের আজিজুল ইসলাম (৬৫) ও চট্টগ্রামের শামসুন নাহার (৪৬) মারা যান। স্বাভাবিকভাবেই তাঁরা মারা গেছেন। এর আগে মক্কায় ১৬, মদিনায় পাঁচ ও জেদ্দায় একজন মারা গেছেন।

এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জনের হজে যাওয়ার কথা। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৭৯ হাজার ৬০৪ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে এক হাজার ৫০১ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৮ হাজার ১০৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসানের নেতৃত্বে ১৬ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদলও সৌদি আরবে পৌঁছেছে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট সৌদি আরব যাবে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে। সর্বশেষ ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।