সৌদি আরবে খালেদা-নওয়াজ শুভেচ্ছা বিনিময়
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত শুক্রবার মক্কায় সৌদি সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার মসজিদুল হারামে মাগরিবের নামাজ আদায়ের পর তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। খবর বাসস ও ইউএনবির।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় খালেদা জিয়া নওয়াজ শরিফকে অভিনন্দন জানান। তৃতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সঙ্গে নওয়াজের এটাই প্রথম বৈঠক।
এ সময় বিএনপির প্রধানের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীসহ অন্য সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন। খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালনের জন্য গত ২৭ জুলাই সৌদি আরবে যান। গত বৃহস্পতিবার ভোররাতে তিনি পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও ওমরাহ পালন করেন।
এর আগে বিরোধীদলীয় নেতা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেছেন।