সৌদি আরবে গৃহকর্মী দিতে ব্যর্থ হচ্ছে ঢাকা ও ম্যানিলা
ফিলিপাইনের অন্তত ২০০ নিয়োগকারী প্রতিষ্ঠান সৌদি আরবে ঠিক সময়ে গৃহকর্মী পাঠাতে ব্যর্থ হয়েছে। এদিকে অনেক সৌদি নাগরিক অভিযোগ করেছেন, কয়েক মাস অপেক্ষা করেও তাঁরা বাংলাদেশি গৃহকর্মী পাচ্ছেন না। খবর সৌদি গেজেটের।
অপেক্ষার পরও বাংলাদেশি গৃহকর্মী না পাওয়ার বিষয়ে অনেক সৌদি নাগরিকের অভিযোগ প্রসঙ্গে একটি সূত্র বলছে, ঢাকা যতজন গৃহকর্মী নেওয়া হবে, ততজন পুরুষ কর্মীও নিতে হবে বলে দাবি তুলেছে। কিন্তু ঢাকার এই শর্তে আপত্তি আছে অনেক সৌদি নাগরিকের। এই শর্তের কারণে দুই দেশের মধ্যে মতানৈক্য রয়েছে। এই শর্তকে বাংলাদেশের অঙ্গীকারের লঙ্ঘন বলেও অভিযোগ করেছে সৌদি আরব। এ কারণে বাংলাদেশি গৃহকর্মীর বিষয়টির সুরাহা হচ্ছে না।
সৌদি নিয়োগ কমিটির সদস্য সাইদ মসি বলেন, সৌদি পরিবারগুলো রমজান শুরুর আগেই গৃহকর্মী চাইছে। কিন্তু ফিলিপাইনের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের অঙ্গীকার পূরণ করতে পারছে না। বেঁধে দেওয়া সময় পেরিয়ে আরও ছয় মাস পার হয়েছে।
সাইদ মসি বলেন, শ্রম মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছে, জাতীয় নিয়োগ কার্যালয় অঙ্গীকার পূরণে ব্যর্থ বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য এবং সৌদি পরিবারগুলোকে অর্থ ফেরত দিতেও বাধ্য।