সৌদি আরবে গৃহকর্মীদের স্বার্থরক্ষায় গঠিত যৌথ কারিগরি কমিটির বৈঠক
সৌদি আরবে বাংলাদেশের গৃহকর্মী প্রেরণ ও তাদের স্বার্থ সুরক্ষায় গঠিত যৌথ কারিগরি কমিটির বৈঠক রিয়াদে অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের রিয়াদে বুধবার গৃহকর্মী প্রেরণে গঠিত যৌথ কারিগরি কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয় এবং আজ বৃহস্পতিবার অভিবাসী শ্রমিক সংক্রান্ত কয়েকটি বিষয়ে একমত পোষণের মাধ্যমে এ বৈঠক শেষ হয়। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি বার্তায় এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈঠকে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল আজিজ আল আমর সে দেশের পক্ষে নেতৃত্ব দেন। অপরদিকে বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
কারিগরি কমিটির বৈঠকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি গৃহকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল গৃহকর্মীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ, দেশে পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুবিধা প্রদান প্রভৃতি।
এ ছাড়া গৃহকর্মীদের জরুরি যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তার জন্য আলোচনা করা হয়। প্রবাসে অভিবাসী কর্মীদের মৃতদেহ যাতে দ্রুততম সময়ে দেশে পাঠানো যায় সে জন্য পদ্ধতি সহজীকরণের জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
যৌথ কারিগরি কমিটির সভায় অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে উভয় দেশে ভিসা ট্রেডিং বন্ধ করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া মহিলা গৃহকর্মী প্রেরণে বিদ্যমান চুক্তি এবং স্ট্যান্ডার্ড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে কিছু পরিবর্তন আনার জন্য একমত পোষণ করা হয়। দ্বিপক্ষীয় সভায় অসুস্থ, বিপদগ্রস্ত গৃহকর্মীসহ অন্যান্য অভিবাসী কর্মীদের দ্রুততম সময়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানালে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে একমত পোষণ করে।
দ্বিপক্ষীয় সভায় বাংলাদেশ থেকে প্রশিক্ষিত শ্রমিক ও গৃহকর্মী নিয়োগ দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করা হয়। সৌদি কর্তৃপক্ষকে গৃহকর্মীদের নতুন পরিবেশে খাপ খাওয়ানো ও উন্নত সেবা প্রদানের সামর্থ্য বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে নিয়োগ দেওয়ার পূর্বে বাংলাদেশে প্রশিক্ষণ প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।