সৌদি আরবে গ্রেপ্তার কুলাউড়ার শফিক জঙ্গি নন বলে দাবি
সৌদি আরবে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি শফিক মিয়া (৪৫) আল-কায়েদা সংগঠনের সঙ্গে জড়িত নন বলে তাঁর পরিবারের লোকজন দাবি করেছেন। অবৈধভাবে কাজ করতে গিয়ে তিনি সেখানকার পুলিশের হাতে আটক হয়েছেন বলে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জেনেছেন।শফিক মিয়ার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি গ্রামে। সৌদি আরবের পুলিশ সম্প্রতি আল-কায়েদার সদস্য সন্দেহে কয়েকটি দেশের নাগরিককে গ্রেপ্তার করে। গত ২৪ মার্চ স্থানীয় সময় রাত আটটার দিকে মক্কা নগরের একটি দোকান থেকে শফিককে গ্রেপ্তার করা হয়। শফিকের বড় ভাই আবদুল খালিক (৫০) প্রথম আলোকে জানান, সৌদি আরবে কফিলের (ভিসা প্রদানকারী স্থানীয় অভিভাবক) অনুমতি ছাড়া শফিক অবৈধভাবে অন্যত্র কাজ করতে যান। এ সময় পুলিশের বিশেষ অভিযানে তিনি আটক হন। তিনি বলেন, ‘আমার ভাই আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে কোনোভাবেই জড়িত থাকতে পারে না।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি শফিকের মুক্তি দাবি করেন।