সৌদি আরবে দুই বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কামানের গোলার আঘাতে গত মঙ্গলবার ও বুধবার সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের নজরান এলাকায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার বাতেশার গ্রামের মিজান ও বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের আবদুল জলিল। গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মে একটি কারখানায় কাজ করার সময় গোলার আঘাতে মিজান নিহত হন। পরদিন নজরানে কর্মস্থলে গোলার আঘাতে প্রাণ হারান জলিল। এই ঘটনার পরপরই জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান এবং নিহত দুজনের চাকরিদাতা প্রতিষ্ঠান ও বাংলাদেশে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। নজরানে কিং খালেদ হাসপাতালের হিমঘরে তাঁদের লাশ রাখা হয়।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি লাশ দুটি দেশে ফেরত পাঠানো এবং তাঁদের পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী দাফনের বিষয়ে চাকরিদাতাদের সঙ্গে যোগাযোগ রাখছে।