সৌদি আরবে দেয়াল ধসে দুই ভাইসহ তিনজনের মৃত্যু
‘মঙ্গলবার রাত ১১টার দিকে মনজিল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে আমার শেষ কথা হয়। ও বলেছিল, বৃহস্পতিবার কিছু টাকা পাঠাবে। বৃহস্পতিবার আসার আগেই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। এখন আমি চার ছেলেমেয়ে নিয়ে কী করব?’মনজিলের স্ত্রী মিনুয়ারা বেগম গতকাল এভাবেই স্বামীর সঙ্গে তাঁর শেষ কথোপকথনের বর্ণনা করলেন।গত বুধবার সৌদি আরবের রিয়াদের মালাজ রেলস্টেশনের পাশে এসিসি লিমিটেড কনস্ট্রাকশন কোম্পানির কাজ করতে গিয়ে দেয়ালধসে মনজিল, তাঁর ছোট ভাই নজির মিয়াসহ তিনজন মারা যান।নজির মিয়ার স্ত্রী রোকেয়া বেগম বললেন, ‘কোরবানি ঈদের এক সপ্তাহ আগে বাড়ি থেকে গিয়েছিল ও। রোববার রাতে স্বামীর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে কথা হয়। এরপর আর কথা হয়নি। ছোট ছোট চার ছেলে নিয়ে আমি এখন অন্ধকার দেখছি।’মনজিল ও নজিরের বৃদ্ধা মা শাহের বানু (৭০) বারবার মূর্ছা যাচ্ছেন আর বিলাপ করে বলছেন, ‘আমার বাবারা কই?’ স্বজনদের কোনো সান্ত্বনাই তাঁর কান্না থামাতে পারছে না। তাঁর চোখে কেবলই পানি।কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মহিদপুর গ্রামে গিয়ে গতকাল এই দৃশ্য দেখা যায়।এ ছাড়া দুর্ঘটনায় নজির মিয়ার স্ত্রী রোকেয়া বেগমের বড় ভাই আবদুর রব ইব্রাহিম মারা গেছেন। ইব্রাহিমের বাড়ি একই উপজেলার আড্ডা ইউনিয়নের বড় পুটিয়া গ্রামে। সেই বাড়িতেও একই অবস্থা। তাঁর স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রয়েছে। এর মধ্যে বড় মেয়ে রহিমা বেগমের বিয়ে হয়েছে।ইব্রাহিমের স্ত্রী রোকেয়া বেগম বলেন, ‘বাপের মৃত্যুসংবাদ শুনে একমাত্র ছেলে আবদুল হাই বুধবার রাতে সৌদি আরব গেছে। এ অবস্থায় তিন মেয়ে নিয়ে আমি অসহায়।’সৌদি আরবে নিহত ওই তিনজনের লাশ বর্তমানে সে দেশের সরকারি সিমেসি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।প্রবাসীরা জানিয়েছেন, ওই তিনজন সৌদি আরবের বৃহৎ কোম্পানি এসিসি লিমিটেড কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। পাঁচ বছর তাঁরা এই কোম্পানিতে কাজ করেছেন।