সৌদি আরবে নারী কর্মী পাঠানোর আগে যথাযথ প্রশিক্ষণ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব কিংবা বিদেশে নারী কর্মী পাঠানোর আগে অবশ্যই যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। একজন কর্মী যত বেশি প্রশিক্ষণ পাবেন, তত বেশি দক্ষ হবেন, বেতনও বেশি হবে। তবে নারী কর্মীদের অধিকার রক্ষায় কিংবা তাঁরা যেন নির্যাতনের শিকার না হন, সে জন্য যথাযথ ব্যবস্থাও নিতে হবে। এ বিষয়ে দূতাবাসে একজন নারী কর্মকর্তা নিয়োগ দেওয়া উচিত।
‘নিরাপদ নারী অভিবাসন: বায়রা ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বায়রার মাসিক ফোরাম উপলক্ষে এ সভার অয়োজন করা হয়। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এই মাসিক ফোরামে সহায়তা দিচ্ছে।
অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘ফিলিপাইন, শ্রীলংকাসহ কয়েকটি দেশ কেন সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধ করল, সেটি খতিয়ে দেখা উচিত। কোনো সমস্যা থাকলে সেটি সমাধান করা উচিত। আর বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রশিক্ষণে নানা দূর্বলতা আছে। বিষয়গুলো মাথায় রাখা উচিত।’ আইওএমের কর্মসূচি কর্মকর্তা ম্যাক্সিমিলিয়ান পোটলার বলেন, ‘প্রশিক্ষণের মান বাড়াতে আইওএম প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে।’
বায়রার সভাপতি আবুল বাসার বলেন, সৌদি আরবে যেতে নারী কর্মীদের কোনো টাকা লাগবে না। আর যেসব সমস্যায় নারীরা পড়েন, সেসব সমস্যা যেন না হয় সে ব্যাপারে দুই দেশের যৌথ কমিটি কাজ করবে।’
এনআরবির চেয়ারম্যান শেকিল চৌধুরী, বায়রার জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার চৌধুরী, মহাসচিব মনসুর আহমেদ কালাম, বায়রা ফোরামের সদস্যসচিব ওবায়দুল আরিফ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সভায় নারী কর্মীদের বিদেশে যাওয়ার আগেই একটি করে মুঠোফোন দেওয়া, দূতাবাসের কর্মকর্তাদের নিয়মিত ফোন করে খোঁজ নেওয়া, বিদেশে পাঠানোর আগে সেখানকার আইনকানুন সম্পর্কে ধারণা দেওয়াসহ নানা সুপারিশ করা হয়।