সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের নির্যাতনের অভিযোগ সত্য নয় বলে মনে করে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপ। গতকাল সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যমে আসা এ সংক্রান্ত তথ্য সঠিক নয়।
সংসদীয় গ্রুপের চেয়ারম্যান ও ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, একসময় বাংলাদেশি নারী শ্রমিক নির্যাতনের খবর এলেও বর্তমানে সৌদি সরকার ও বাংলাদেশের পদক্ষেপের কারণে ৯৯ শতাংশ নারী শ্রমিক নিরাপদে কাজ করছেন। সৌদিতে বাংলাদেশি দূতাবাসের শ্রম উইং নারী কর্মীদের মোবাইল ফোনের সিম সরবরাহ করেছে, যাতে তাঁরা যোগাযোগ করতে পারেন। এ কারণে এখন অভিযোগ তেমন একটা শোনা যায় না।
সংসদীয় গ্রুপ জানায়, সৌদি আরবের মজলিশে শুরার আমন্ত্রণে তাঁরা নয় দিনের সফরে দেশটিতে যাবেন। প্রতিনিধিদলে থাকবেন বজলুল হক হারুন, সাংসদ নুরুল ইসলাম সুজন, এ কে এম আউয়াল, নজরুল ইসলাম ও তালুকদার মো. ইউনুস এবং জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি সাবেক সাংসদ বেনজীর আহমেদ।
সংবাদ সম্মেলনে বজলুল হক হারুন বলেন, সফরের সময় সৌদি আরবের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ দেশটির উচ্চপর্যায়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে গ্রুপের বৈঠক হবে। শ্রমবাজার, অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফরের ‘ফলোআপ’ হিসেবে এই সফর হচ্ছে বলে বজলুল হক জানান।
গত জুলাই মাসে সংসদে এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেছিলেন, বিশ্বের মোট ৬৮টি দেশে বাংলাদেশ থেকে নারী কর্মী পাঠানো হয়েছে। গত ১২ বছরে এসব দেশে ৫ লাখ ৬ হাজার ৫০৬ জন নারী কর্মী গিয়েছেন। ওই দিন মন্ত্রী সংসদে সৌদিতে নারী নির্যাতনের অভিযোগ নাকচ করে বলেন, অনেক সময় দেশে ফিরে আসার জন্য নারী শ্রমিকেরা নানা মিথ্যা কথা বলেন। তাঁরা সেখানে গিয়ে ভাত খেতে চান। কিন্তু সৌদি আরবের মানুষ ভাত খায় না, রুটি খায়। তখন বাংলাদেশি শ্রমিকেরা ভাত দেওয়া হয় না বলে অভিযোগ তোলেন। অনেক নারী শ্রমিকের মধ্যে হোম সিকনেস কাজ করে। তখন তাঁরা ফিরে আসার জন্য নানা কাহিনি সৃষ্টি করেন।
বাংলাদেশি নারী শ্রমিক নিয়োগের নামে ‘বিক্রি’ হয় এবং দূতাবাসের শ্রম উইংয়ের কাছে কর্মরত নারীদের তথ্য না থাকার অভিযোগ আছে—এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বজলুল হক বলেন, ‘বিক্রির’ কোনো সুযোগ নেই। এ বিষয়ে যাতে আরও শৃঙ্খলা ও স্বচ্ছতা আসে সেটা নিয়ে সংসদীয় গ্রুপ আলোচনা করবে। আর দূতাবাসের কাছে তথ্য নেই, এটা মনে হয় সঠিক না।
সংবাদ সম্মেলনে বায়রার সভাপতি বেনজীর আহমেদ বলেন, সৌদিতে নারী কর্মীদের নির্যাতনের বিরুদ্ধে নতুন আইন হওয়ার পর থেকে নির্যাতন হয় না বললেই চলে। একটা বিষয় হচ্ছে, শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশ আছে। খবর প্রকাশের ক্ষেত্রে এই প্রতিযোগিতার বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সুজন, এ কে এম আউয়াল ও নজরুল ইসলাম।