সৌদি আরবে নারীকর্মীর সঙ্গে স্বজন পুরুষকর্মী যাওয়ার সুযোগ
বাংলাদেশ থেকে সৌদি আরবে নারীকর্মী পাঠানোর সময় প্রত্যেকের সঙ্গে একজন করে নিকটাত্মীয় পুরুষকর্মীও যেতে পারবেন। সৌদি আরব গিয়ে ওই পুরুষ কর্মীরা ‘ডমেস্টিক সার্ভিস’-এর আওতায় কাজ করবেন।
আজ বুধবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
এ ব্যাপারে মন্ত্রী বলেন, শিগগিরই দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভায় বিষয়টি ঠিক করা হবে। তবে এটা দ্রুতই হবে বলে আশা করেন মন্ত্রী।
এ প্রসঙ্গে নুরুল ইসলাম বিএসসি কয়েক দিন আগে সৌদি আরব সফরে গিয়ে সে দেশের শ্রমমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনার কথা তুলে ধরেন।
বাংলাদেশ থেকে সৌদি আরবে নারীকর্মী নিতে কয়েক মাস আগে দুই দেশের মধ্যে চুক্তি হয়। কিন্তু দেশটিতে তুলনামূলকভাবে কম নারীকর্মী যাচ্ছেন। নানা অভিযোগের কারণে বাংলাদেশ থেকে নারীকর্মীরা সৌদি আরবে কম যাচ্ছেন বলে মত সংশ্লিষ্টদের।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ থেকে ২০১৪ ও ২০১৫ সালে জনশক্তি রপ্তানির চিত্র তুলে ধরা হয়। মন্ত্রী জানান, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ৩০ শতাংশ বেশি বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালে চার লাখ ২৫ হাজার ৬৮৪ জন শ্রমিক বিদেশে গেছেন। ২০১৫ সালে গেছেন পাঁচ লাখ ৫৫ হাজার ৮৮১ জন শ্রমিক। এই সময়ে নারীকর্মীদের বৈদেশিক কর্মসংস্থান বেড়েছে ৩৬ দশমিক ৪৪ শতাংশ। ২০১৫ সালে বাংলাদেশ থেকে এক লাখ ৩ হাজার ৭০৭ জন নারীকর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। আগের বছর এই সংখ্যা ছিল ৭৬ হাজার সাতজন।
নুরুল ইসলাম বিএসসি বলেন, এই সময়ে প্রবাসীদের পাঠানো আয়ও বেড়েছে।
মালয়েশিয়ার সঙ্গে আটকে থাকা জনশক্তি রপ্তানির বিষয়ে শিগগিরই একটা সমাধান আসবে বলে আশা মন্ত্রীর।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, কুড়িগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আগামী সেশনে ৪০ জন সাবেক ছিটমহলবাসীকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। চলতি বছর ১০০ জনের মতো সাবেক ছিটমহলবাসীকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হবে বলে জানান সচিব।