সৌদি আরবে নির্যাতিত সেই নারীর সংসারে ভাঙন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় সৌদি আরবে গিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক গৃহবধূ। সেখানে তিনি নির্যাতনের শিকার হন। স্বামীর সহযোগিতায় অনেক কষ্টে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু সমাজের দোহাই দিয়ে এখন তাঁকে ঘরে তুলতে রাজি হচ্ছেন না স্বামী।
ওই গৃহবধূর স্বামী গতকাল বুধবার বলেন, ‘ঘটনাটি এলাকায় জানাজানি হয়েছে। এখন তাঁকে ঘরে তুললে সমাজের চাপ সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়।’
ওই নারী বলেন, তাঁর স্বামী ঢাকার একটি রড-সিমেন্টের দোকানে চাকরি করার সময় আহত হন। চিকিৎসা করেও তাঁকে সুস্থ করতে পারেননি।
ওই নারী অারও বলেন, বেকার স্বামী ও সন্তানদের নিয়ে তিনি আর পেরে উঠছিলেন না। তাই বাবার বাড়ির কাছে একটি মেসে রান্নার কাজ নেন। ২০১৬ সালের নভেম্বরে এক ব্যক্তির সহায়তায় টাকাপয়সা ছাড়াই গৃহপরিচারিকার চাকরি নিয়ে তিনি সৌদি আরব যান। সেখানে যাওয়ার পরদিন থেকে তিনি প্রতিদিন যৌন নির্যাতনের শিকার হন।
২৬ দিন পর সুযোগ পেয়ে স্বামীকে মুঠোফোনে ঘটনাটি জানিয়ে তাঁকে উদ্ধারের আকুতি জানান। তাঁর স্বামী ঘটনাটি সাংবাদিকদের জানিয়ে সহায়তা চান।
এ নিয়ে গত ১৭ জানুয়ারি প্রথম আলোয় ‘সৌদি আরবে নারীকে নির্যাতনের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর সরকারের বিভিন্ন সংস্থা ওই গৃহবধূর খোঁজখবর নিতে শুরু করে। ১১ মার্চ তিনি দেশে ফিরে আসেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
ওই নারী বলেন, ১৩ মার্চ নান্দাইলে স্বামীর বাড়িতে এলে পরিবার ও প্রতিবেশীরা তাঁকে গালমন্দ করেন। স্বামীও তাঁকে সংসারে ঠাঁই দিতে রাজি হন না। সেখানে মানসিক নির্যাতনের কারণে তিনি এখন বাবার বাড়িতে আছেন।
এ বিষয়ে নির্যাতনের শিকার হওয়া ওই নারী প্রথম আলোেকে বলেন, ‘আমি গরিব, নিরক্ষর। ওই ঘটনায় আমার কী দোষ? যাদের জন্য আমার এ দশা তাদের বিচার না করে আমার এ শাস্তি কেন?’
এ বিষয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার প্রথম আলোকে বলেন, ওই নারী যদি প্রতিকার চান তাহলে অভিযোগ দিতে হবে। তখন ব্যবস্থা নেওয়া যাবে।
নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান গতকাল বলেন, ‘ওই নারী সহায়তা চাইলে তিনি মহিলাবিষয়ক কর্মকর্তাকে নিয়ে এলাকায় গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে দেখবেন।’