সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার আবার স্বাভাবিক হবে বলে আশা করছে সরকার। সৌদি আরবের আট সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বুধবার সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে ওই বৈঠক হয়।সৌদি আরবে একসময় বছরে এক থেকে দুই লাখ কর্মী যেতেন। তবে গত কয়েক বছরে তা গড়ে ১৫ হাজারে নেমে এসেছে। প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, বাংলাদেশে সৌদি দূতাবাসের একজন কর্মকর্তা খুন হন। এতে সৌদি আরবে শ্রমিক নেওয়ার আলোচনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। কিন্তু এরই মধ্যে ওই কর্মকর্তা হত্যার বিচার হয়েছে। তাই তারা আবার শ্রমবাজার স্বাভাবিক করার জন্য উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। এ প্রতিনিধিদল প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম দেখেছে। তারা এখন দেশে ফিরে একটি প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের পর বাংলাদেশ থেকে আবার স্বাভাবিকভাবে কর্মী নেওয়ার আশা করছে বাংলাদেশ। সৌদি প্রতিনিধিদলের প্রধান সুলতান বিন মুহম্মদ বিন আল হাজ্জা সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের শ্রমিকদের প্রশিক্ষণ, নিবন্ধনসহ সরকার যেসব নতুন পদক্ষেপ নিয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করেছি। আমরা মোটামুটি সন্তুষ্ট। আমরা মনে করি, প্রশিক্ষিত এই শ্রমিকেরা সৌদি শ্রমবাজারে গিয়ে টিকে থাকতে পারবে। এতে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার স্বাভাবিক হয়ে আসবে।’