সৌদি আরবে শ্রমবাজার চালু হলে দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকেরা আকামা (কাজের অনুমতিপত্র) পরিবর্তনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।গতকাল শনিবার সৌদি আরব সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ দাবি করেন।কবে নাগাদ শ্রমবাজার চালু হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। মাস দুয়েকের মধ্যে দেশটির একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে এবং আমাদের অভিবাসনসংক্রান্ত বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। পুরোদমে শ্রমবাজার চালু হলেই সৌদি কর্তৃপক্ষ আকামা পরিবর্তনের সুযোগ দেবে।এ সফর থেকে বাংলাদেশ তাহলে কি পেল জানতে চাইলে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষকে অনেক আন্তরিক মনে হয়েছে। এই বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে একটি যৌথ কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি শ্রমবাজারের সব সমস্যা সমাধানের জন্য কাজ করবে।মন্ত্রী বলেন, প্রবাসীদের মধ্যে সাম্প্রতিক কালে অপরাধপ্রবণতা বেড়ে গেছে। এই অপরাধপ্রবণতা না কমলে সৌদি আরব বাংলাদেশ থেকে জনশক্তি নেবে না বলে জানিয়েছে। মন্ত্রী বলেন, ‘গুটি কয়েক বাংলাদেশির অপরাধের কারণে নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবাই।’খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এখন থেকে বিদেশে যাওয়ার সময় বাংলাদেশি নাগরিকদের সব তথ্য যাচাই-বাছাই করা হবে। এর ফলে যাঁদের নামে মামলা রয়েছে, তাঁরা বিদেশে যেতে পারবেন না। সৌদি সরকারের সঙ্গে আলোচনার সময় আমরা জানিয়েছি, বাংলাদেশি প্রতিটি কর্মীর জীবনবৃত্তান্তসহ একটি স্মার্ট কার্ড দিচ্ছে সরকার। এ ধরনের একটি কার্ডও সৌদি সরকারকে দিয়েছি আমরা।’মন্ত্রী জানান, সৌদি আরব নিজেই এখন অর্থনৈতিক চাপে রয়েছে। তাদের লোকেরাই কর্মহীন রয়েছেন। তাই বিদেশ থেকে লোক নেওয়ার ব্যাপারে তারা সতর্কতা অবলম্বন করছে। এ জন্য সৌদি সরকার একটি পরিকল্পনা করছে। ওই পরিকল্পনা অনুযায়ী কোন খাতে কত লোক নেওয়া হবে, তা নির্ধারণ করা হবে। মন্ত্রী বলেন, সৌদি আরব শিগগিরই পাঁচটি মেগাসিটি তৈরি করতে যাচ্ছে। এসব সিটির কাজ শুরু হলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আবার লোক নেওয়া শুরু করবে।গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রী ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সৌদি আরবে যান। গতকালই তিনি দেশে ফেরেন।সংবাদ সম্মেলনে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহার, বিএমইটির পরিচালক সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।