সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শহিদুল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হোগলপাতি গ্রামের আবদুস সালাম ঘরামির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল সাত বছর আগে শ্রমিক হিসেবে সৌদি আরব যান। ৩ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে মক্কা থেকে জেদ্দা যাওয়ার পথে জিজান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শহিদুল আহত হন। ৫ অক্টোবর (রোববার) বেলা তিনটার দিকে মক্কার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
রোববার বিকেলে শহিদুলের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছায়। এ সময় শহিদুলের বৃদ্ধ বাবা, স্ত্রী ও দুই সন্তানের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে সন্ধ্যায় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ রুস্তম আলী ফরাজী নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আমড়াগাছিয়া ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সুলতান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।