সৌদি আরবে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদাহ এলাকার একটি তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার চালানো এ হামলায় তল্লাশিচৌকিতে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তাও নিহত হন। নিহত বাংলাদেশির নাম প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
নিরাপত্তাকর্মীদের গুলিতে তিনজন হামলাকারীর মধ্যে দুজন নিহত হয়েছেন। অপর হামলাকারী আহত হয়েছেন। তাঁকে এখন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, রোববার স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে বুরাইদাহ-তারফিয়া সড়কের একটি তল্লাশিচৌকিতে হামলা চালানো হয়। তিনজনের একটি সন্ত্রাসী দল হঠাৎ করে এসে গাড়ির ভেতর থেকে চৌকি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে একজন নিরাপত্তা কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে দুই হামলাকারী নিহত হন।
নিহত নিরাপত্তা কর্মকর্তা হলেন সার্জেন্ট সুলায়মান আবদুল আজিজ আল-আবদেল লতিফ। নিহত অন্যজন বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে। এ কারণেই সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অতীতে এ ধরনের বেশ কিছু সন্ত্রাসী হামলা মোকাবিলা করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে তারাউত সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন রিয়াদের বিশেষ আদালত।