সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশি
সৌদি আরবে গত বৃহস্পতিবার রাতে দাম্মাম হাবার আল বাতেন নামক স্থানে দুটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে ৬ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। এই বাংলাদেশিদের মধ্যে চারজনের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে। তাঁদের মধ্যে দুজন সহোদর।
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাতে সৌদি আরব থেকে টেলিফোনে তাঁরা দুর্ঘটনায় স্বজনদের নিহত হওয়ার খবর পান।
দাম্মাম শহর থেকে আলজুব হাবার যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে নিহত চার বাংলাদেশির পরিবার জানিয়েছে। গোয়ালন্দের নিহত এই চার ব্যক্তি হলেন উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী এলাকার অহেদ ব্যাপারীর ছেলে এরশাদ ব্যাপারী (২৫) ও হুমায়ুন ব্যাপারী (২০), একই ইউনিয়নের শামসু মণ্ডল বাজারের ছহের মণ্ডলের ছেলে মিরাজ মণ্ডল (২৬) ও নাছের মাতুব্বর পাড়ার উসমান খানের ছেলে কোব্বাত খান (২৫)। তাঁদের সঙ্গে থাকা আরও যে দুই বাংলাদেশি নিহত হন তাঁদের বাড়ি ফরিদপুরে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবিব গতকাল শনিবার নিহত ওই চার বাংলাদেশির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সৌদি আরব থেকে লাশ আনার বিষয়ে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
গতকাল দুপুরে উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী নামক এলাকায় অহেদ ব্যাপারীর বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। নাছের মাতুব্বর পাড়ার উসমান খানের বাড়িতেও গিয়ে দেখা যায়, সবার ছোট ছেলে কোব্বাত খানের মৃত্যুতে সবাই বাক্রুদ্ধ হয়ে পড়েছেন।
উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন ফকির জানান, সৌদি আরব থেকে ওই বাংলাদেশিদের লাশ আনার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।