সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির তিনজন নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একই পরিবারের তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের শ্যামপুর গ্রামের মাইজের বাড়ির মরহুম ইব্রাহিম হোসেন আনসারীর দ্বিতীয় ছেলে ইকবাল হোসেন আনসারী (৪০) এবং তাঁর যমজ সন্তান নাবিল আনসারী (৫) ও ইসরাত জাহান (৫)। গুরুতর আহত হন ইকবালের স্ত্রী নিরু আনসারী (৩০)। বর্তমানে তিনি সৌদি আরবের একটি হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইকবাল হোসেন আনসারী ২০০৩ সাল থেকে পরিবার নিয়ে সৌদি আরবে থাকেন। গত বুধবার পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে করে মক্কায় ওমরাহ হজ করতে যাওয়ার পথে জেদ্দায় মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই সন্তানসহ ইকবাল নিহত হন।ইকবালের চাচাতো ভাই মনিরুজ্জামান আনসারী ও চাচাতো ভাই সেলিম হোসেন আনসারী জানান, স্নাতকোত্তর ডিগ্রিধারী ইকবাল সৌদি আরবের একটি সরকারি হাসপাতালে চাকরি করতেন। পরে বড় ভাই ইসমাইল হোসেন আনসারী ও ছোট ভাই ইমাম হোসেন আনসারীকেও সৌদি আরবে নিয়ে যান। বড় ভাই দাম্মাম ও ছোট ভাই জেদ্দা শহরে চাকরি করছেন। নিহত ইকবাল ও তাঁর দুই সন্তানের লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।