সৌদি তদন্ত দল আজ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের তদন্তে আজ মঙ্গলবার ঢাকায় আসছে সৌদি আরবের একটি তদন্ত দল। আট সদস্যের এ দলে সৌদি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন।জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মো. নজরুল ইসলাম গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, সৌদি তদন্ত দল মঙ্গলবার ঢাকায় আসছে। তদন্ত দল ঢাকায় তিন থেকে চার দিন থাকবে। তারা খালাফ হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। গত ৫ মার্চ রাতে ঢাকার গুলশানে নিজ বাসার কাছে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন, জড়িত কাউকে গ্রেপ্তার, হত্যাকারীদের ব্যবহূত গাড়ি ও অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনার তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মারুফ হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি কাজ করছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কমিটির সদস্য ডিবির উপকমিশনার (উত্তর) মাহবুবর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশ বিভিন্ন বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।এদিকে গতকাল টেলিফোনে যোগাযোগ করা হলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, এ হত্যার তদন্তে এ পর্যন্ত বাংলাদেশের পদক্ষেপে সৌদি কর্তৃপক্ষ সন্তুষ্ট। তবে তারা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের ওপর গুরুত্বারোপ করছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সমপ্রতি সৌদি আরব সফরের সময় খালাফ হত্যার কারণ উদ্ঘাটনে বাংলাদেশের তদন্তকারীদের সহায়তার জন্য সৌদি তদন্ত দল ঢাকায় পাঠানোর প্রস্তাব দেন। গত ২১ মার্চ রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সলের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। এ প্রস্তাবকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।