পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সৌদি নাগরিক হত্যাকাণ্ডের বিষয়টি ‘যতই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হোক না কেন’—এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।চাঁদপুর সদর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে এসে গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।দীপু মনি বলেন, ‘এই ঘটনায় সরকার ও দেশের পক্ষ থেকে আমরা সৌদি সরকার, জনগণ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সৌদি আরব যাবেন। দেশটির নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশ কী ব্যবস্থা নিয়েছে এবং তদন্ত কোন পর্যায়ে আছে—সে বিষয়ে সৌদি সরকারকে জানাবেন তিনি।গত সোমবার রাতে রাজধানীর গুলশানে সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা সৌদি নাগরিক খালাফ আল আলী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।দীপু মনি শুক্রবার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্নিমারা চর এলাকায় বন্যা আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন ও মহিলা সমাবেশে যোগ দেন। এ ছাড়া রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। রাজরাজেশ্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধনেও অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সমাবেশে বক্তৃতা করেন।