সৌদি নাগরিককে জিজ্ঞাসাবাদ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক এক সৌদি নাগরিককে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাদাপোশাকের একদল পুলিশ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলের কক্ষে ঢুকে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
সংশ্লিষ্ট সূত্র প্রথম আলোকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করা ওই সৌদি নাগরিকের নাম আবদুল হামিদ ফুয়াদ আল খতিব। তিনি ইসলামী ব্যাংকের পরিচালক ও সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আজ শুক্রবার বিকেলে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আছে। সেই সভায় যোগ দিতে গতকাল সকালে তিনি সৌদি আরব থেকে ঢাকায় আসেন। তিনি বিমানবন্দর এলাকার একটি পাঁচতারকা হোটেলে ওঠেন। হোটেলে পৌঁছানোর পর বিকেলে ব্যাংকের দুজন কর্মকর্তা তাঁর সঙ্গে দেখা করতে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় সাদাপোশাকের কয়েকজন নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে হোটেল লবিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সৌদি নাগরিক নিজের কক্ষে যাওয়ার সময় সাদাপোশাকের লোকজন তাঁর সঙ্গে ওই কক্ষে যান। ওই সময় সৌদি নাগরিক বিষয়টি ব্যাংকের কর্মকর্তাদের জানালে সৌদি দূতাবাসের একজন কর্মকর্তা হোটেলে গিয়ে সাদাপোশাকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা চলে যান।
এ ব্যাপারে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।