সৌদি যাওয়ার পথে সাত রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় গতকাল শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতজন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) ধরা পড়েছেন। এর আগের শুক্রবারও একই পন্থায় সৌদি আরব যাওয়ার সময় পাঁচজন রোহিঙ্গা ধরা পড়েছিলেন।বিমানবন্দর সূত্র জানায়, এসব রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতি করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। বাংলাদেশি নাগরিকের নাম-ঠিকানা ঠিক রেখে শুধু ছবি পাল্টানোর এই জালিয়াতি ‘গলাকাটা পাসপোর্ট’ নামে বহুল পরিচিত। আটক হওয়া ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, এর আগে গলাকাটা পাসপোর্ট নিয়ে সৌদি আরব পাড়ি দেওয়া স্বজনদের পরামর্শ ও সহায়তায় দালাল ধরে তাঁরা এই অবৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।গতকাল গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আরাফাত (পাসপোর্টে নাম স্বপন মিয়া), মোহাম্মদউল্লাহ (পাসপোর্টে লুৎফর রহমান), মো. সবুর আলী (পাসপোর্টে এস এম আরমান উল্লাহ), মো. আমিন (পাসপোর্টে বিল্লাল হোসেন) ও মোহাম্মদ আলী (পাসপোর্টে মো. নাসির)। বাকি দুজনের নাম পাসপোর্টে বেলায়েত হোসেন ও মো. আমিনুল বলে উল্লেখ রয়েছে। এঁদের প্রকৃত নাম জানা যায়নি।পুলিশ সূত্র জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিরা সবাই যুবক। তাঁরা কক্সবাজারের স্থানীয় উচ্চারণে ভাঙা ভাঙা বাংলা বলতে পারেন। কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে তাঁদের কুয়েত হয়ে সৌদি আরবের দাম্মাম যাওয়ার কথা ছিল। এর আগের শুক্রবার ধরা পড়া পাঁচজনও কুয়েত এয়ারওয়েজের টিকিটধারী ছিলেন।বিমানবন্দর সূত্র জানায়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অভিবাসন পুলিশের সদস্যরা গোপন খবরের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরের ট্রানজিট এলাকা থেকে এই সাতজনকে আটক করে। পরে তাঁদের পাসপোর্ট বিমানবন্দরের ‘ডকুমেন্ট অ্যানালাইসিস সেন্টারে’ পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর ছবি পরিবর্তন করা হয়েছে।বিমাবন্দরে দায়িত্ব পালনকারী এপিবিএনের সহকারী পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গতকাল গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা সবাই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকতেন। এর আগে গত কয়েক বছরে তাঁদের কিছু আত্মীয় একইভাবে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে সৌদি আরবে গেছেন।এই কর্মকর্তা জানান, এসব রোহিঙ্গা দালাল চক্রের সহায়তায় বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে ছবি বদলে সৌদি আরবে যাচ্ছিলেন। বিভিন্ন সময় চুরি বা ছিনতাই হওয়া পাসপোর্টগুলো দালাল চক্র সংগ্রহ করে এ কাজে ব্যবহার করে।