জাতীয় হজ ও ওমরাহনীতি এবং হজ প্যাকেজ ২০১৪-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া, সব নৃ-গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিন পার্বত্য জেলার অন্তর্বর্তীকালীন পরিষদের আকার বাড়ানোর সুপারিশে অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, এ বছরও সৌদি সরকার বাংলাদেশ থেকে ২০ শতাংশ হজযাত্রী কমিয়েছে।
এ হিসেবে এবার সরকারিভাবে ১০ হাজার এবং বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জনসহ মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাবেন। হেরেম শরিফের সংস্কারকাজের জন্য গত বছরও ২০ শতাংশ কম হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। পবিত্র হেরেম শরিফের সংস্কারকাজ চলবে ২০১৫ সাল পর্যন্ত।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছর সরকারি হজ প্যাকেজ দুটি। প্রথম প্যাকেজে একজন হজযাত্রীর খরচ হবে কোরবানি ছাড়া তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ হবে কোরবানি ছাড়া দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। কোরবানির জন্য আলাদাভাবে ৫০০ রিয়াল লাগবে।
সচিব আরও জানান, বেসরকারি হজ প্যাকেজ সরকারি প্যাকেজের চেয়ে কম হতে পারবে না। যারা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন, তাঁদের নিজের খরচে বাড়ি বা হোটেলে থাকতে হবে।
বৈঠকে ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪’, ‘বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪’ ও ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪’ ভেটিংসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বর্তমানে অন্তর্বর্তীকালীন পরিষদে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য রয়েছেন। সদস্যদের সংখ্যা বেড়ে ১০ জন হবে। ১০ জন সদস্যের মধ্যে সাতজন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তিনজন অ-উপজাতি থাকবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরিষদের সব সদস্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার কথা। তবে আইনে আছে, নির্বাচিত পরিষদ না থাকলে সরকার অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করতে পারবে।