সৌদি হাসপাতাল থেকে পাটগ্রামের হাজি নিখোঁজ
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থ হয়ে সেখানকার হাসপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার পর থেকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এক হাজি নিখোঁজ আছেন বলে জানা গেছে। নিখোঁজের সংবাদে অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছেন ওই হাজির পরিবারের সদস্যরা।
ওই হাজি হলেন পাটগ্রামের বাউড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের ওমর আলী (৭০)। গত ২৫ সেপ্টেম্বর তিনি পেটের পীড়াজনিত রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের মিনার মোসতাকচা ওয়াজি মিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পর থেকে তিনি নিখোঁজ আছেন। গতকাল শুক্রবার পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি বলে হাজির পারিবারিক সূত্রে জানা গেছে।
ওমর আলীর ছোট ছেলে জাবিনুর রহমান বলেন, এ বছর রংপুরের বেলাল হাজির সাহায্যে তাঁর বাবা ঢাকার এইচএম হাজি ট্রাভেলস নামের একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে সৌদিতে হজ পালন করতে যান। তাঁর বাংলাদেশি পাসপোর্ট নম্বর-বিএ ০৮১৬২১১ ও আইডি নম্বর-০৮০২০৪০। সেখানে পৌঁছে তিনি সৌদি ৭৭ নম্বর আইডিধারী মোয়াল্লিম ইউসুফ আলীর তত্ত্বাবধায়নে হজের আনুষ্ঠানিক কাজ শুরু করেন। এরই অংশ হিসেবে তিনি মিনায় যান। সেখানে ২৫ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে মোসতাকচা ওয়াজি মিনা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। দুই দিন পর ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র (রিলিজ) দেয়। কিন্তু এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান সৌদি আরবের মোয়াল্লিম ইউসুফ আলীসহ নিখোঁজ ওমর আলীর সহযাত্রী সিরাজ পাটোয়ারী। ছাড়পত্র পাওয়ার পর ওমর আলীকে হাসপাতাল থেকে আনতে গিয়ে আর পাননি বলে মোয়াল্লিম ইউসুফ আলী তাঁদের অবহিত করেন বলে ছেলে জাবিনুর বলেন। তিনি আরও বলেন, নিখোঁজের বিষয়টি পরিবারের পক্ষ থেকে ঢাকায় অবস্থিত হাজি তথ্যকেন্দ্রে জানানো হয়েছে।
ওমর আলীর বড় ছেলে সামিউল ইসলাম বলেন, তাঁদের বাবা নিখোঁজ থাকার পর থেকেই সহযাত্রী সিরাজ পাটোয়ারী ও মোয়াল্লিম ইউসুফ আলীসহ হজ করতে যাওয়া পরিচিত জনদের সঙ্গে তাঁরা মুঠোফোনে যোগাযোগ রাখছেন। গত বুধবার মোয়াল্লিম মিনায় নিহত হাজিদের মধ্যে তাঁর বাবার লাশ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন। পরে বৃহস্পতিবার আবার জানিয়েছেন ওই লাশ তাঁর বাবার নয়। এ অবস্থায় পুরো পরিবারই অত্যন্ত অস্থিরতার মধ্যে দিন পার করছে বলে জানান ওমর আলীর বড় ছেলে।