সৌদিকে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াতে আবেদন করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে বসবাসরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের মর্যাদা সংশোধনে ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ চার মাস বাড়াতে দেশটির কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবে সরকার। আগামীকাল ৩ জুলাই এই ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান গত রোববার ওই কথা জানান। খবর ইউএনবির।

জাফর আহমেদ খান বলেন, সৌদি আরবে অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রতি সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াতে সরকার দেশটির কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতা করছে। এ ব্যাপারে শিগগিরই ইতিবাচক সাড়া মিলবে বলে আশা করা হচ্ছে। ঢাকার একটি হোটেলে ‘ইন্টারগভর্নমেন্টাল রিজিওনাল সেমিনার অন প্রোমোটিং কো-অপারেশন ফর সেইফ মাইগ্রেশন’ শীর্ষক একটি সেমিনারের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাফর আহমেদ খান বলেন, সৌদি আরবে অবস্থানরত আনুমানিক তিন-চার লাখ অবৈধ বাংলাদেশি শ্রমিকের মধ্যে প্রায় আড়াই লাখ শ্রমিক বৈধতা পেতে এরই মধ্যে ওই ক্ষমার সুযোগ নিয়েছেন।