সৌদিতে আগুনে চার বাংলাদেশিসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের দাম্মাম শহরে আগুনে পুড়ে চার বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর সারোয়ার আলম মোবাইল ফোনে প্রথম আলোকে এই তথ্য জানান।
সারোয়ার আলম বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। গিয়াসউদ্দিন নামের একজন বাংলাদেশি ওই সোফা কারখানাটি চালাতেন। রাতে আগুন লাগলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। এর মধ্যে চারজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন ভারতীয়। তবে মৃতদেহগুলো আগুনে পুড়ে যাওয়ায় তাঁদের শনাক্ত করা যায়নি। মরদেহ দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে রাখা আছে।
নিহত লোকজনের মধ্যে গিয়াসউদ্দিনের শ্বশুর আবু মুসাও আছেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। নিহত বাকি তিন বাংলাদেশি হলেন, ফেনীর দাগনভূঞার বদিউর রহমানের ছেলে মীর রহমান, চাঁদপুর সদরের লোকমান মোল্লার ছেলে আবু মোল্লা এবং কুমিল্লার নাঙ্গলকোটের আবুল কালামের ছেলে জিয়াউর রহমান।