সৌদিতে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে হজ করতে যাওয়া আরেক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে দুই নারীসহ হজ করতে যাওয়া পাঁচ বাংলাদেশি মারা গেলেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, গতকাল বুধবার মদিনায় ফিরোজা খাতুন (৬৫) নামের ওই বাংলাদেশি নারী হজযাত্রী মারা যান। তাঁর বাড়ি নওগাঁর পোরশা থানায়।

এর আগে যে চারজন মারা গেছেন তাঁরা হলেন ঢাকার খিলক্ষেতের সাহাব উদ্দিন মিয়া (৬৯), পিরোজপুরের শাহজাহান শিকদার (৭১), ফেনীর আবদুল সালাম (৭৭) ও চাঁপাইনবাবগঞ্জের মাসুদা খাতুন (৮২)।

আগামী ৪ অক্টোবর পবিত্র হজ হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জন হজ পালন করতে যাবেন। সর্বশেষ বুলেটিন অনুযায়ী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৯ হাজার ৮২২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে হজ ফ্লাইট যাবে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৮ অক্টোবর থেকে। সর্বশেষ ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।